পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্তগৌরীয় মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ওই ঘটনায় যজ্ঞেশ্বর রায়ের সহকারী গোপাল চন্দ্র রায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রোববার সকাল সাতটার দিকে তিন মটরসাইকেল আরোহী দুর্বৃত্ত এই ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে পুলিশ। সকালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মন্দিরের দিকে ঢিল ছুড়লে বেরিয়ে আসেন মহারাজ যজ্ঞেশ্বর রায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। গোপাল চন্দ্র রায় সাহায্য করতে এগিয়ে এলে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
গোপালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কফিলউদ্দিন ঘটনাস্থলে রয়েছেন।






