কমিউনিটি ক্লিনিকগুলোকে একটি ট্রাস্টের অধীনে আনার জন্য ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন-২০১৮’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রকল্পের আওতায় চলমান মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারি কমিউনিটি ক্লিনিকগুলো ট্রাস্টের আওতায় সরকারি-বেসরকারি অর্থায়নের মাধ্যমে পরিচালিত হবে।
গ্রামীন জনগোষ্ঠীর সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, ট্রাস্টের তহবিল ব্যবহার করে গ্রামীণ জনগোষ্ঠীকে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা এবং অন্যান্য হাসপাতাল ও মেডিকেল কলেজের সঙ্গে কার্যকর রেফারেল ব্যবস্থা প্রতিষ্ঠা করাই এই আইনের লক্ষ্য।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, বিস্তারিত আলোচনার পর কিছু সংশোধনী সাপেক্ষে এটি চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এখন একটি প্রকল্পের আওতায় ক্লিনিকগুলো চলছে। আইনটি পাস হলে ক্লিনিকগুলো ট্রাস্টের আওতায় চলে আসবে।










