রাত বারোটার পর থেকে ভোর ছয়টা পর্যন্ত সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ রাখতে যথাযথ পদক্ষেপ নিতে টেলিযোগযোগ বিভাগকে অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার চ্যানেল আই অনলাইনকে জানান, রাতে ফেসবুক বন্ধ করা হবে কী হবে না, তা অনেকটাই নির্ভর করছে বিটিআরসির মতামতের ওপর।এখনো বিটিআরসি এব্যাপারে কোনো পর্যালোচনা-মতামত পাইনি। বিটিআরসির সঙ্গে সমন্বয় করে সব দিক পর্যালোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।তবে এর আগেই ফেসবুক বন্ধ হচ্ছে এমন গুজব না ছড়ানোর অনুরোধ করেন তিনি।
গত বছর জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের সম্মেলনের সময় জেলা প্রশাসকদের মধ্যে একজন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাত জেগে ফেসবুক ব্যবহার করার ক্ষতিকর দিক নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রস্তাব করেন রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ করা যায় কিনা। সেই বৈঠকের সূত্র ধরে গত ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি পাঠায়।
গত সপ্তাহে বিটিআরসির চেয়ারম্যান এক অনুষ্ঠানের শেষে এ বিষয়ক গুজবের প্রেক্ষিতে বলেছিলেন, সরকার যদি চায় তাহলে তারা এমন সিদ্ধান্ত নিতে পারেন।
তবে সংশ্লিষ্টরা বলছেন, সম্পূর্ণরূপে ইন্টারনেট বন্ধ করা ছাড়া দেশে ফেসবুক বন্ধ করা সম্ভব নয়। এর আগে ২০১৫ সালের নভেম্বরে ২২ দিনের জন্য দেশে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হলেও অনেকেই তা বিকল্প উপায়ে ব্যবহার করেছেন।







