চীনের মূল ভূখণ্ডের বাইরে এবার মধ্যপ্রাচ্যেও ছড়ানো করোনা ভাইরাস। এই ভাইরাসে ইরানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির খবর প্রকাশের পরপরই তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ইরান। মৃত দুইজনের পরিচয়ই প্রকাশ করেনি দেশটি।
স্থানীয় সময় বুধবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ- এ তথ্য নিশ্চিত করে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাতে আইআরএনএ জানায়, করোনা ভাইরাসে মারা যাওয়া দুই ব্যক্তি ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরের একটি এলাকার বাসিন্দা।
চীনের বাইরে এর আগে হংকং, ফিলিপিন্স, ফ্রান্স এবং জাপানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
এরই মধ্যে চীনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১৮ জন। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারেরও বেশি।
দুই দিন আগে করোনা ভাইরাসে উহানের একটি হাসপাতালের পরিচালকের মৃত্যুর পর আরও এক হাসপাতাল প্রধানের দেহে এ রোগের সংক্রমণ হয়েছে। ওই চিকিৎসক উহানের ৮ নম্বর হাসপাতালের প্রধান। তাকে শহরের জিনিনটান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চীনা নাগরিকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর আগে চীনের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়া হয়।
সাউথ কোরিয়ায় আরও ২০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।
জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে অবস্থান করা প্রমোদতরীতে আরো ৭৯ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে এক ব্রিটিশ দম্পতি যারা গত কয়েকদিন ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে ওই জাহাজের অবস্থা জানাচ্ছিলেন।
এরই মধ্যে মার্কিন প্রশাসন ও ব্রিটিশ সরকার সেখান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।








