টপঅর্ডারের দুই সেঞ্চুরিতে প্রথমদিনেই চারশো পেরোনো সংগ্রহ গড়ে রানপাহাড় বাড়াতে ছুটছে সেন্ট্রাল জোন। বিসিএলের ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪০৬ রান তুলে দিন শেষ করেছে দলটি।
রাজশাহীতে ইস্ট জোনের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে এসে ২৯ রানের উদ্বোধনী জুটি গড়েন সাইফ হাসান (২১) ও সাদমান ইসলাম। আরেক উদ্বোধনী সাদমান ১১২ রানে থামেন। ১১ চার ও ৩ ছক্কায় ১৫৭ বলের ইনিংস। প্রথম শ্রেণিতে পঞ্চম সেঞ্চুরি এ বাঁহাতি ব্যাটসম্যানের।
সাদমানকে থামানো গেলেও তিনে নামা আব্দুল মজিদের ব্যাটে লাগাম টানতে পারেনি ইস্টের বোলাররা। ১৫৯ করে আহত অবসর নিয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডে ঢংয়ে খেলা ইনিংসটি ১৮২ বলে ১৮ চার ও ৬ ছক্কায় সাজানো। প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তার।
মাঝে মার্শাল আইয়ুব ১৪ ও মেহরাব হোসেন জুনিয়র ২৫ রানে ফিরে গেলেও শুভাগত হোম ফিফটি তুলে নেন। ৪৯ বলে ৫০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বুধবার তার সঙ্গে সংগ্রহ বাড়াতে নামবেন ৭ রানে অপরাজিত থাকা মোশাররফ হোসেন।
ইস্টের হয়ে সোহাগ গাজী নিয়েছেন ৩টি উইকেট। অন্য উইকেটটি আবু জায়েদ রাহির।








