ভয়াবহ শীত ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল। এ অঞ্চলের বিভিন্ন শহরের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
এরই মধ্যে কয়েকটি রাজ্যে নতুন করে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চিকিৎসাও মিলছে না অনেকের।
বিবিসির জানায়, নর্থ ডাকোটায় তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের ৩৭ ডিগ্রি সেলসিয়াস নিচে। এই সব অঞ্চলে শীত অনুভূত হচ্ছে মাইনাস ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শিকাগোতে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতায় আইওয়ার বাসিন্দাদের ঘরের বাইরে কথা বলা এবং শ্বাস-প্রশ্বাস নেওয়াও কমিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বন্ধ করে দেওয়া হয়েছে কয়েক হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে তীব্র শীত ও তুষারপাতের কবলে পড়েছে ২৫ কোটির বেশি মানুষ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা।







