কানাডায় করোনাভাইরাসের প্রতিষেধক আবিস্কারে ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কানাডা সরকার ১৯.২ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে আগেই। কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি ও সফলভাবে বিতরণ ইস্যুতে ট্রুডো সরকারের সক্ষমতায় আস্থা রয়েছে প্রায় ৭৪ শতাংশ নাগরিকের। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ থেকে জানা যায়, ভ্যাকসিন তৈরি ও সফলভাবে বিতরণ ইস্যুতে সরকারের সক্ষমতায় ১২ শতাংশের আস্থা নেই। তবে সরকারের নেয়া পরিকল্পনায় যতটা সম্ভব সব নাগরিক নিরাপদে থাকবে বলে মনে করেন ৪৩ শতাংশ নাগরিক।
কানাডায় করোনাভাইরাস সংক্রমণ সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা: থেরেসা ট্যাম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কানাডার শীতকালীন আবহাওয়া এবং ছুটির দিনে পারিবারিক অনুষ্ঠানে যোগদানের কারণে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। জনগণকে সতর্ক করে তিনি বলেন, নাগরিকদের অবশ্যই ঝুঁকিপূর্ণ অনুষ্ঠানে যোগদানের আগে নিজের শরীরের অবস্থা বিবেচনায় নিতে হবে। এবং যাদের সঙ্গে স্ব-শরীরে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তাদের স্বাস্থ্যগত তথ্যও জানতে হবে।
কানাডায় করোনাভাইরাস সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বরং দেশটির কোনো কোনো অঞ্চলে সংক্রমণ বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, কানাডায় কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৯,১৪৬ জন। মহামারী শুরুর পর থেকে ১৩২,১৪২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।








