সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি এবং কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, সকালে ভোট দিতে গেলে প্রথমে তাকে কেন্দ্রই ঢুকতেই দেয়া হচ্ছিলো না।
বিএনপির সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকাল ৮টা থেকে বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র ঘুরে তিনি দেখেন, কোথাও আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। বাড্ডার প্রতিটি ভোট কেন্দ্রেই সরকারদলীয় অনেক লোক ছিলো। ভোট দেয়ার কোনো পরিবেশ সেসব কেন্দ্রে ছিলো না।
তিনি বলেন, সরকারদলীয় কর্মীরাই ঠিক করে দিচ্ছিলেন যে কে কেন্দ্রে ঢুকতে পারবে, আর কে ঢুকতে পারবে না।
তাবিথ আউয়াল দাবি করেন, মিরপুরের একটি কেন্দ্রে তিনি প্রিসাইডিং অফিসারের রুমের টেবিলে খালি ব্যালট বাক্স দেখেছেন। কারণ জানতে চাইলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়।
প্রতিটি ভোট কেন্দ্রে শুধু সরকারি দলের এজেন্টরাই ছিল দাবি করে তাবিথ বলেন, প্রথমে তাদের এজেন্টদের ঢুকতেই দেয়া হয়নি। মিরপুরের অনেক ভোট কেন্দ্রে পুলিশ সদস্যদের পোশাকে নামের ব্যাজ ছিলো না বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গতরাত থেকেই বিভিন্ন এলাকায় অনেক ভোট কেন্দ্রের পাশে তার ক্যাম্পগুলো ভেঙ্গে ফেলা হয়। নির্বাচনের মধ্য দিয়ে সরকারের বড় নৈতিক পরাজয় শুরু হলো বলেও মন্তব্য করনে তাবিথ আউয়াল।






