মোরশেদ আলম: চাঁদপুরের কচুয়া উপজেলায় ৫ জানুয়ারি বুধবার ইউপি নির্বাচনে পরাজিত হয়ে পাঁচ বাড়ির মানুষের চলাচলের ৩টি রাস্তা বন্ধ করে দিলেন মোজাম্মেল হক ও তার সমর্থকরা।
সাচার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাগদৈল গ্রামে গাছের ডাল ও বাঁশ দিয়ে ওই সরকারি রাস্তা বন্ধ করে দেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
রাগদৈল গ্রামের মোয়াজ্জেম হোসেন, জাকির হোসেন, শহীদুল ইসলাম, আবু হানিফ ও কাউছারসহ আরও বেশ কয়েকজন অভিযোগ করেন, ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে এম আব্দুর রহমান ফুটবল প্রতীকে জয়ী হন। প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী মোজাম্মেল হক আপেল প্রতীকে পরাজিত হয়ে ক্ষুব্ধ হয়ে ৫ টি বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেয়। এতে দৈনন্দিন কৃষিকাজসহ যাতায়াতে ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। গৃহবন্দী হয়ে পড়া ওই বাড়ির মানুষ যাতায়াতের পথ খুলে দিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ।
পরাজিত প্রার্থী মোজাম্মেল হক বলেন, এটা বাড়ির লোকজনের বিষয়। ব্যক্তিগত জায়গা হওয়ায় বাড়ির লোকজন পথ বন্ধ করে দিয়েছেন। এতে আমার কিছু করার নেই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ওই ইউনিয়নের মেম্বার প্রার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে ঝামেলা ছিল। তবে পরাজিত প্রার্থী মোজাম্মেল চলাচলের পথ বন্ধ করে দিয়েছে, তার খবরটি জানা নেই। স্থানীয়রা থানায় অভিযোগ করলে, আমরা ব্যবস্থা নিব।
সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, নির্বাচনে পরাজিত হয়ে মোজাম্মেল হক চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন, তা মোটে উচিত হয়নি। বিষয়টি জানার পর থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নিব।








