সবচেয়ে বেশী বয়সী ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। তার সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে সফরকারী অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের ১৪৮ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৩১৮ রান।
ডমিনিকায় ৩ উইকেটে ৮৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। লেগ স্পিনার দেবেন্দ্র বিশু অস্ট্রেলিয়ার স্মিথ, ওয়াটসন এবং হ্যাডিনকে বিদায় করলে ১২৬ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে বিপদ থেকে বাঁচান ভোজেস।
৩৫ বছর বয়সে প্রথম টেস্ট খেলতে নামা ভোজেস হ্যাজেলউডের সঙ্গে দশম উইকেটে যোগ করেন ৯৭ রান। ১৩ টি বাউন্ডারি আর ১টি ছক্কায় অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলেন ভোজেস।
প্রথম ইনিংসে ১৭০ রানের লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ২৫ রানে দুই উইকেট হারিয়ে পার করেছে দ্বিতীয় দিন।






