এক দুর্যোগ কাটাতে না কাটাতেই আর একটি দুর্যোগ হাজির হয়েছে নেপালে। মঙ্গলবার ৭.৩ মাত্রার ভূমিকম্পে সেখানে মৃতের সংখ্যা ২৬ জন আর আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ভারতের বিহারে মৃতের সংখ্যা ১০ জন।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ৭.৩ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো নেপালের কোডারি এলাকার ১৮ কিলোমিটার দক্ষিণপূর্বে। ভূমিকম্পে নেপালে বেশ কিছু ভবনধস ও ভূমিধসের ঘটনা ঘটে।
সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর। শুধু নেপালেই নয়, ভারত, চীন ও বাংলাদেশেও অনুভূত হয় ভূমিকম্প।
ভারত তাদের বিমান বাহিনী এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা ফোর্সকে এরই মধ্যে তৈরি রেখেছে।
এর আগে গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্প হয় নেপাল, ভারত ও বাংলাদেশে। ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পোখারার লামদুং এ। শক্তিশালী ওই ভূমিকম্পের পর কয়েকদিন নেপাল, ভারত ও বাংলাদেশে কয়েক দফা ভূমিকম্প হয়। ২৫ এপ্রিলের ভূমিকম্পে নেপালে নিহত হয় প্রায় ৮ হাজার জন। বাংলাদেশেও সেসময় ২ জনের মৃত্যু হয়।







