রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প কয়েক দফায় প্রায় এক মিনিট অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে মিয়ানমারের মাওলাইক শহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার (৮৩ মাইল) নিচে এই ভূকম্পন সংঘটিত হয়। ভূমিতে আঘাত হানায় এথেকে সুনামির কোন আশঙ্কা নেই।
চট্টগ্রাম, সিলেট অঞ্চলে কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কারণে রাজধানী ঢাকাসহ অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দেয়।
ভারতের কলকাতা, গৌহাটিসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচের টস অনুষ্ঠিত হওয়ার সময়ে ভূমিকম্পের কারণে আতঙ্ক তৈরি হয়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি। 







