সংকটাপন্ন ২০টি নৌকা থেকে প্রাণ রক্ষার এসওএস সংকেত পাওয়ার পর লিবীয় উপকূল ছেড়ে আসা অন্তত ৩ হাজার অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষী বাহিনী। অন্তত ৭টি উদ্ধার নৌযান এ কাজ চালিয়ে যাচ্ছে।
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় এবং ব্যস্ত রুট হলো লিবিয়া-ইটালি।
জাতিসংঘ বলছে, চলতি বছরের এ পর্যন্ত অভিবাসনের প্রত্যাশায় ২ লাখ ৬৪ হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ইটালিতে এবং ১ লাখ ৬০ হাজার গ্রিসের উপকূলে গিয়ে উঠে।
অন্যদিকে, ইতালির সিসিলি দ্বীপের পালেমো বন্দরের পুলিশ শনিবার সন্দেহভাজন ৬ মানব পাচারকারীকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে। তারা সবাই মিসরীয় নাগরিক। ১৯ আগস্ট একটি ডুবন্ত নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার অভিযান চালাতে গিয়ে তাদেরকে গ্রেফতার করে ইতালীয় পুলিশ।





