নিউজ ফিড থেকে ফেইক বা ভুয়া খবর অপসারণে একের পর এক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে ফেসবুক। এরই অংশ হিসেবে ফেসবুক এবার জানিয়েছে, যেসব পেজ থেকে ভুয়া খবর ছড়ানো হয়, সেসব পেজের বিজ্ঞাপন ব্লক করে দেওয়া হবে।
এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, ভুয়া খবর যেন বিজ্ঞাপন দিয়ে ছড়াতে না পারে, সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে যা আজ থেকেই কার্যকর করা হবে। এমনকি এসব পেজ ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক থেকে কোনো অর্থও পাবে না।
শেয়ার করা বিভিন্ন সংবাদের সত্যরা যাচাইয়ের লক্ষ্যে ফেসবুক ইতোমধ্যেই স্নোপস এবং অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে সাথে কাজ শুরু করেছে। শুধু তাই নয়, একটি সংবাদ কতটা সত্য তা যেন একজন ব্যবহারকারী সহজেই যাচাই করতে পারে সেজন্য ‘রিলেটেড আর্টিকেল’ ফিচারও চালু করা হয়েছে যেখানে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আরও একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের লিংক থাকবে।








