রংপুরে ভুল অপারেশনে শিশু মৃত্যুর ঘটনার অভিযোগে আটক হওয়া অভিযুক্ত ডাঃ আব্দুল হাই এর মুক্তির দাবীতে অনির্দিষ্টকালের প্রাইভেট প্রাকটিস বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।
গত শনিবার রংপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক, ক্লিনিকের মালিক ও কর্মচারীরা পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযুক্ত চিকিৎসক আব্দুল হাইকে আটক করেন।
গাইবান্ধা খামার বাড়ির দিনমজুর রেজ্জাকুল হকের স্ত্রী লাকি বেগম ও তার ৬ বছরের ছেলে সিয়াম গলায় টনসিল সমস্যা নিয়ে রংপুর নগরীর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি হন।
স্বজনরা জানিয়েছেন, ক্লিনিকের এক চিকিৎসকের সঙ্গে ১৯ হাজার টাকায় মা ও ছেলের অস্ত্রোপচারের চুক্তি হয়। শনিবার বিকেলে দু’জনের অস্ত্রোপচার হয়। অপারেশন থিয়েটারেই মৃত্যু হয় ছেলে সিয়ামের।
এ ঘটনায় ক্লিনিকে ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।








