বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. এসএম ইমামুল হকের অপসারণের বিভিন্ন দাবিতে সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার থেকে ভিসির অপসারণসহ নানা দাবি আদায়ের কর্মসূচি শুরু করে তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না থাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগ নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মনিরুল ইসলাম বলেন, ক্লাস-পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা দেওয়ার কথা শুনেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ সকাল পৌনে নয়টায় বলেন, তিনি ক্যাম্পাসে না থাকায় এব্যাপারে কিছু বলতে পারবেন না।








