প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীতে কোনো ভিক্ষুক জাতির মর্যাদা নেই। আজকের তরুণ প্রজন্ম নিজেদের ভিক্ষুক জাতি হিসেবে নয়, বরং বিজয়ী জাতি হিসেবে বিজয়ের পতাকা হাতে নিয়ে বিশ্ব দরবারে সবার সামনে উপস্থিত হবে। বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধুর দূর্লভ ছবি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আজকের নতুন প্রজন্ম ছবি দেখে, ছবি দেখে এদেশের অতীত ইতিহাস জানবে, বিশ্ব দরবারে বঙ্গবন্ধু ও বাঙ্গালিদের ইতিহাস তুলে ধরবে ও সোনার বাংলা গড়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
ছবির গাঁথায় বঙ্গবন্ধুর কথা বলা ও তার আদর্শকে তুলে ধরতে এ আয়োজনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বাঙ্গালি জাতি আবারো প্রমাণ করেছে যে, বাঙ্গালি জাতিকে দাবিয়ে রাখা যায়না। বঙ্গবন্ধুর আদর্শকে কেউ কখনো হত্যা করতে পারবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। এখন মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, উন্নত ও সমৃদ্ধ জাতি ও দেশ হিসেবে বাঙ্গালিদের বিশ্বসভায় উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।
বাংলাদেশ ও বাঙ্গালি জাতির জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাঙ্গালিদের প্রতিটি সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু দেশবাসীকে শুধু স্বাধীনতাই দেন নি, স্বাধীনতার পর বাংলাদেশ থেকে মিত্র বাহিনীদের স্বদেশে পাঠিয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধুর এদেশের জন্য স্থল সীমা চুক্তি, স্থলসীমার অধিকার আইন করে সংবিধানে তা পাশ করানোর কৃতিত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রদর্শনীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ছবির আঁকার প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায়।






