ভিআইপিদের জন্য আলাদা রাস্তা বা লেন করার মন্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই বিষয়ে ফেসবুকে পোস্ট দিলেন প্রবাসী লেখক আশা নাজনীন।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ভিআইপিদের জন্য আলাদা রাস্তা (লেন) করার প্রস্তাবকে আমি স্বাগত জানাই। এটা খুবই দুর্দান্ত প্রস্তাব। একবার এই লেন হলেই দেখবেন দেশে আমাদের রাস্তায় কোন জ্যাম নাই। কারণ? কারণ তখন দেখবেন দেশে সাধারণ জনগণের চেয়ে ভিআইপির সংখ্যা বেশি।যেমন মন্ত্রী যদি ভিআইপি হয়, তার ছেলে মেয়েও হয়ে যাবে ভিআইপি। ওই ছেলেমেয়ের বন্ধু-বান্ধবী-বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডও তখন ভিআইপি। আর এনারা বিবাহিত হইলে উনাদের শ্বশুরবাড়ির লোকেরা তখন সমানে সমান। ভিআইপি শ্বশুরবাড়ি মানে মন্ত্রীর বেয়াইবাড়ির যে গাড়ি সেই গাড়ির ড্রাইভারও কিন্তু ভিআইপি, কারণ তার কাছে ভিআইপি পাস থাকবে এবং যখনি ড্রাইভার তার বউ বাচ্চা শ্বশুর শাশুড়ি নিয়া বাইর হবে, তখনি তারা ওই ভিআইপি লেনেই যাতায়াত করবে। এখানেই শেষ না, মন্ত্রীর বাসার কাজের লোক কি আমজনতা? মোটেই না, সে আরও বড় ভিআইপি, কাজের লোকের বাবা মা ভাই ব্রাদার আংকেল খালু যখন আসা যাওয়া করবে, তখন তারা ওই ভিআইপি লেনই ব্যবহার করবে এরপর মন্ত্রীর ক্যাডার, ছাত্রলীগ, যুবলীগ, শিশুলীগ এরা তো আছেই, ভিআইপি রাস্তা দিয়ে চলাফেরা না করলে উনাদের প্রেস্টিজ আবার পাংচার হয়ে যাবে নিশ্চিত, অতএব এনাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড মামা চাচা … এরা সবাই ওই ভিআইপি লেনেই থাকবে।
সবশেষে আশা নাজনীন লিখেছেন, পরীক্ষার প্রশ্ন যাবে ভিআইপি লেন ধরে, প্রশ্নফাঁস কারি যাবে ওই লেন ধরেই, সরকারি বিরোধী দল ঝাঁপায়ে পড়বে ওই লেনে নিজেদের শক্তি প্রদর্শনে। বড় সাংবাদিক, বড় ডাক্তার, বড় উকিল, বড় ব্যবসায়ী তারাও যাবে ওই লেন দিয়ে। এন্ড, কেবল তখন, তখনই আমাদের মত আমজনতা নির্বিঘ্নে রাস্তা দিয়ে চলাচল করে ঘরে ফিরতে পারব। গাইতে থাকব, ‘পিচঢালা এই পথটাকে ভালবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি’।








