সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদের ঘটনায় চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ।
পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭ ও ৪২৭ ধারায় মামলাটি দায়ের করে।
শনিবার বিকেলে গ্রেফতারকৃত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, লালবাগ শাখার নেতা রাফিন জয় এবং উদীচীর সম্পাদক আরিফ নুরকে আদালতে পাঠানো হবে। মামলায় এই চার জনের নাম উল্লেখ করা হয়েছে।
শুক্রবার বেলা ১২ টায় টিএসসি থেকে সুপ্রিম কোর্ট মাজার গেটের দিকে বিক্ষোভকারীরা যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে।
তারা ব্যারিকেড ভেঙে সামনে এগুলো পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্র সংগঠনের সদস্যরা। সংঘর্ষে আহত হয় বেশ কিছু সদস্য।








