কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন শেড থেকে ভাসানচরের উদ্দেশে ১৩ তম দফায় রওনা দিয়েছে ৫০৭ পরিবারের ১ হাজার ৫৪৪ রোহিঙ্গা।
আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
তিনি জানান: ১৩ তম দফার ২য় দিনের প্রথম ধাপে ১ হাজার ২২ জন এবং দ্বিতীয় ধাপে ৫২২ জনসহ মোট ৫০৭ পরিবারের ১ হাজার ৫৪৪ রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশে রওনা হয়। তাদের নিয়ে যেতে অ্যাম্বুলেন্সসহ ৩৭টি বাস দেয়া হয়।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন জানান, ১৩তম দফার প্রথম দিনে ২৯ মার্চ ১ হাজার ৯৯৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হয়। ওইদিন দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ৩৯টি বাসে এসব রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছিল।
তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত নোয়াখালীর ভাসানচরে ২৬ হাজার রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে। সরকার ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।









