নিউজিল্যান্ড সফরের শুরুটা খারাপ হলেও দল ভালো সুযোগ তৈরি করে তা কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আগামী ম্যাচগুলোতে ভালো করার আশা রেখে তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ থাকে পাওয়া অভিজ্ঞতা টি-টোয়েন্টি সিরিজে ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারলে ফলাফল ভালোই হবে।’
শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা হয়তো ভালো বল করতে পারিনি। তবে নেলসনের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আমাদের ভালো কিছু সুযোগ তৈরি করেছিলাম। তবে তা আমরা কাজে লাগাতে পারিনি।’
“আমাদের ব্যাটসম্যানরা ভালো সুযোগ তৈরি করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচের মত শেষ ম্যাচের ব্যাটিংয়েও আমরা হঠাৎ ভেঙে পড়েছিলাম। আর এতেই নিজেদের সুযোগগুলো কাজে লাগানো যায়নি।”
দীর্ঘদিন পর কিউই সফরে এসে আবহাওয়ার সঙ্গে নিজেদের ঠিক মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে শেষ দুই ওয়ানডেতে উন্নতি করেছে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
মাশরাফি বলেন, ‘পাঁচ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু, এটা ঠিক আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি। এখনো এই সফরের অনেকটা বাকি রয়েছে। আশা করি আমরা শক্ত ভাবেই ফিরে আসবো।’







