ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনীতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। লিটন ফিরে যাওয়ার আগে তামিম ইকবালকে সঙ্গী করে ৪৫ রান দিয়ে যান সিরিজ জয়ের মিশনে।
বাংলাদেশ-৫৫ /১ (১৩); ওয়েস্ট ইন্ডিজ-১৯৮/৯ (৫০)
দারুণ সব শটের পসরা সাজিয়ে বসা লিটন ইনিংসটাকে টেনে নিতে পারেননি। ফেরেন ২৩ রানে। পলের বলে পাওয়েলকে ক্যাচ দেন। ৫ চারে ৩৩ বলের ইনিংস তার।
তামিম অন্যপ্রান্তে সাবলীল ব্যাট চালিয়ে যাচ্ছেন। সঙ্গী আরেক বাঁহাতি সৌম্য সরকার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ওয়ানডে অভিষেকের মঞ্চে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে এসে শাই হোপের অপরাজিত ১০৮ রানে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৮ পর্যন্ত যায় ক্যারিবীয়রা।










