ঘোষণাটা গত সোমবারই দেয়া হয়েছে। এবার আনুষ্ঠানিকতাটাও সেরে ফেলল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে মেসি-নেইমারদের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হল আর্নেস্টো ভালভার্দেকে।
এই ন্যু ক্যাম্পে খেলোয়াড় হিসেবে অনেকবারই পা পড়েছে ভালভার্দের। প্রতিপক্ষ কোচ হয়েও এসেছেন। তবে এবারের আগমনের হেতুটা ভিন্ন। এবার তিনি আরেকবার বার্সার ঘরের মানুষ, কাতালানদের কোচ হয়ে। ৫৩ বছর বয়সী স্প্যানিশ ভদ্রলোকের চড়া আবেগটাও তাই থাকছে, ‘দারুণ এক চ্যালেঞ্জ। আশা করি সবাই তা উপভোগ করবো। আমার ওপর বার্সা কর্তৃপক্ষ যে দায়িত্ব দিয়েছে, কাজের মধ্য দিয়েই তার প্রতিদান দিতে চাই।’
বড় আশা নিয়েই ভালভার্দেকে কোচ বানিয়েছে বার্সেলোনা। সেটা স্পষ্ট করলেন জোসেপ মারিয়া বার্তেমেউও। বার্সা সভাপতি চান সমর্থকদের স্বপ্নের প্রতিফলন যেন ঘটে ‘অভিজ্ঞতায় পরিপূর্ণ একজন কোচ তিনি। আমাদের ন্যু ক্যাম্পে স্বপ্ন-ভাসে। আমার আশা ভালভার্দে আমাদের স্বপ্ন পরিপূর্ণ করতে পারবেন।’
মাঠে নেমেই বিশাল চ্যালেঞ্জ সামলাতে হবে ভালভার্দেকে। লুইস এনরিকে যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করতে হবে তাকে। বার্সাকে তিন মৌসুমে নয়টি শিরোপা জিতিয়েছেন এনরিকে। প্রথম মৌসুমে দলকে বড় কোন শিরোপা জিতিয়ে সামর্থ্যের প্রমাণ রাখতে হবে ভালভার্দেকেও।








