ফিউচার ট্যুরস প্রোগ্রাম বা এফটিপিতে ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না পাওয়ায় খেপেছিল পাকিস্তান। মামলা ঠুকে দেয় আইসিসির আদালতেও। কিন্তু শেষ পর্যন্ত প্রকৃত সত্যটা মেনে নিতেই হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। ভারতের বিপক্ষে কোনো সিরিজ ছাড়াই ২০২৩ সাল পর্যন্ত এফটিপি সূচি অনুমোদন দিতে যাচ্ছে দেশটির বোর্ড। ক্রিকেট বোর্ডের সূত্রে এই খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
মৌখিক সম্মতিতেই পাকিস্তানের সঙ্গে আট বছরে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু ২০১৯ থেকে ২০২৩ সালের ভারতীয় এফটিপিতে পাকিস্তানের বিপক্ষে কোনো প্রকার সিরিজের সূচি না থাকায় জরিমানার দাবিতে মামলা করে পিসিবি।
আইসিসির নালিশ কমিটিতে এখন পর্যন্ত ঝুলে আছে মামলার রায়। তবে, সেই রায় শোনার অপেক্ষা না করেই নিজেদের এফটিপি অনুমোদন করতে যাচ্ছে পিসিবি। চলতি বছরের জুনে আইসিসির সাধারণ সভায় সকল দেশের বোর্ড প্রতিনিধিরা স্বাক্ষর করে অনুমোদন দেবেন নতুন এফটিপির।
কেবল দ্বিপাক্ষিক সিরিজই নয়; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সময়ে কোনো প্রকার আন্তর্জাতিক সিরিজও না হওয়ার নিয়মটিকে মেনে নিতে বাধ্য হচ্ছে পাকিস্তান।
তবে অন্যভাবে আইসিসিকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে পিসিবি। প্রস্তাবিত এফটিপিতে ৩৮টির বদলে ৪৫টি ওয়ানডে চায় বোর্ডটি। টি-টুয়েন্টি ও টেস্ট মিলিয়ে মোট ১০৪ ম্যাচকে ১২১ ম্যাচে উন্নীত করার চেষ্টায় আছে পিসিবি।











