দেশে ফিরেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে চলে গেছেন সাউথ আফ্রিকান ক্রিকেটাররা। ভারতের মাটিতে এক বলও না খেলেই দেশে ফেরার পর কুইন্টন ডি ককের দলকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল সাউথ আফ্রিকার। ধর্মশালায় প্রথম ওয়ানডে বৃষ্টিতে বাতিল হওয়ার পর লখনৌতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই স্থগিত হয় সিরিজ। এরপর কলকাতা, দুবাই ঘুরে দেশে ফেরেন প্রোটিয়ারা।
করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো ঘুরেই ফিরেছেন ডি ককরা। দলের সঙ্গে থাকা চিকিৎসা কর্মকর্তা শুয়াইব মানজ্রা জানিয়েছেন, খেলোয়াড়দের দেহে ভাইরাসের সংক্রমণ এড়াতে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘ঝুঁকির কথা মাথায় রেখেই ভারত সফরে গিয়েছিল দল। আমরা ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে চাই। যখন আমরা সফরে ছিলাম, তখনই বিশ্বজুড়ে পরিবর্তিত অবস্থার বিষয়টি আমাদের চিন্তায় ছিল।’
ভারতে থাকা অবস্থায় খেলোয়াড়রা আলাদা আলাদা ছিলেন বলে জানিয়েছেন মানজ্রা। এমনকি ঝুঁকি এড়াতে ভাড়া করা বিমানে দেশে পৌঁছেছেন বলেও জানিয়েছেন প্রোটিয়া দলের চিকিৎসক।







