ম্যানহোলের ভেতরে নেমে প্রাণ হারিয়েছেন চারজন। নিহত চারজনের মধ্যে তিনজন্যই পয়:নিষ্কাশন কর্মী। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদের মাধাপুর এলাকায়।
প্রকাশিত খবর থেকে জানা যায়, সেকেন্দ্রাবাদ তার্নাকা এলাকার তিন কর্মী শ্রীনিবাস, সত্যনারায়ন ও নগেশ ২৫ ফুট গভীর ম্যানহোলটিতে কোনোরকম সেফটি গিয়ার ছাড়াই কাজ করতে নামে। নেমেই তারা সেখানে আটকা পড়ে যায়।
অনেক চেষ্টা করেও বাইরে আসতে না পেরে তারা সাহায্য চেয়ে চিৎকার শুরু করে। তখন এক ক্যাব চালক নালগন্দা গঙ্গাধর চিৎকার শুনে তাদের সাহায্য করতে ম্যানহোলে নামেন। এরপর তিনিও আটকা পড়ে যান। সেখানে বিষাক্ত গ্যাসে চারজনেরই মৃত্যু হয়।
অ্যাম্বুলেন্স সেবাকর্মী চান্দুও চিৎকার শুনে দড়ির সাহায্যে নেমেছিলেন তাদের সাহায্য করতে। বিষাক্ত গ্যাস শ্বাস নেওয়ায় তিনিও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ম্যানহোল থেকে মরণঘাতী মিথেন গ্যাস নিঃসরণ হয়। অন্যান্য কর্মীদের অভিযোগ সাব-কন্ট্রাকটররা অনভিজ্ঞ কর্মীদের দিয়ে কাজ করাচ্ছিলো এমনকি কাজের সময় কোনো পূর্ব সতর্কতাও ছিলো না। সেই জন্যই এই চারটি প্রাণ অকালে ঝরে গেলো।
এই ঘটনায় সেই সাব কন্ট্রাকটরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে আড়াই লাখ করে টাকা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।








