ভারতের কোচবিহারে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা সবাই তৃনমূল কংগ্রেসের সমর্থক বলে দাবি করেছে দলটি।
এনডিটিভি জানায়,পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালে শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে এই ঘটনা ঘটে।
স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, সিআরপিএফ জওয়ানরা বিজেপির হয়ে কাজ করছে। রাতভর মদ-মাংস খেয়ে সকালে নির্বিচারে গুলি চালিয়েছে। সুষ্ঠু নির্বাচন করানোর ভার যাদের কাঁধে, তাদের নির্বিচারে গুলি চালানোর অধিকার কে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃনমূল।
এক তৃণমূল কর্মীর বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, দলে দলে মানুষ ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় বিনা প্ররোচনায় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। বুথের ভিতরে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল।
অন্যদিকে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তার বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যেভাবে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করছেন মমতা, তার জন্য মানুষ কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে। তাতেই গুলি চালাতে বাধ্য হয়েছে সিআইএসএফ।







