ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ১৮টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সেই সাথে শেষ হয়েছে চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ।
স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট শেষ হয় সন্ধ্যা ৬টায়।
এদিন ভারতের অন্ধ্র প্রদেশে সংঘর্ষে এক টিডিপি নেতা নিহত হয়েছেন। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে।
তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা।
টাইমস অফ ইন্ডয়া জানায়, কংগ্রেসের পক্ষ থেকে দলের প্রধান রাহুল গান্ধীকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
কংগ্রেসের অভিযোগ, বুধবার উত্তর প্রদেশের আমেথিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধীর ওপর একটি লেজার রশ্মি এসে পড়ে। সম্ভবত রাহুল গান্ধীর ওপর স্নাইপার রাইফেল তাক করা হয়েছিল। তাকে হত্যার উদ্দেশেই এটি করা হয়েছিল।
এ বিষয়ে দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগপত্র দেয়া হয়েছে।







