ভারতের বিমান অপহরণের অন্যতম হোতা জহুর মিস্ত্রি খুন হয়েছেন।
পাকিস্তানের করাচিতেই অজ্ঞাত পরিচয় দুজন বাইকে চেপে এসে তাকে গুলি করে খুন করে পালিয়ে যায় বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
পাকিস্তানী গণমাধ্যম বলছে, গত ১ মার্চ তাকে খুন করা হয়েছে। তারা ওই বিমান অপহরণকারী ব্যবসায়ী হিসাবে উল্লেখ করেছে। তবে ওই ব্যক্তি নাম পাল্টিয়ে পাকিস্তানে ফার্নিচারের ব্যবসা করছিল।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে জৈশ প্রধান মাওলানা মাসুদ আজাহারের ভাই মুফতি আসগর তার জানাযায় ছিলেন।
১৯৯৯ সালের ডিসেম্বরে সেই কুখ্যাত বিমান হাইজ্যাকের পর দুদশক হতে চলল।আইসি-৮১৪ বিমানকে অপহরণ করেছিল পাকিস্তানি জঙ্গিরা। সেই বিমানেই কাঠমাণ্ডু থেকে হানিমুন সেরে ফিরছিলেন রুপিন কাটিয়াল নামে এক যাত্রী। ধারালো অস্ত্র দিয়ে রুপিনকে সেদিন খুন করেছিল এই জহুর মিস্ত্রি ইব্রাহিম ওরফে জামালি। আর এতদিন পর খুন হতে হল সেই জহুর মিস্ত্রিকে, সেটাও পাকিস্তানের মাটিতেই।
এ যেন বিচার পেলেন রুপিনের পরিবার। ইব্রাহিম খুন হওয়ার পরে সেই হাইজ্যাকের ঘটনায় জড়িত পাঁচ জঙ্গির মধ্যে বেঁচে রয়েছে কেবল দুজন। মাসুদ আজাহারের ভাই ইব্রাহিম আজাহার ও রৌফ আসগর।










