বিরাট কোহলির ভারত যেন মহাবীর আলেক্সন্ডারের নেতৃত্বে মেসিডোনিয়া। সামনে যে-ই পড়ছে, তাকেই জয় কর ছাড়ছে কোহলির দল। নিজেদের মাঠে পার পায়নি অস্ট্রেলিয়া। ঘরের মাঠে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেছে নিউজিল্যান্ডও।
প্রথম ওয়ানডের মতো মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচেও বিশাল ব্যবধানে হেরে বসেছে নিউজিল্যান্ড। ভারতের করা ৩২৪ রানের বিপরীতে ২৩৪ রানে থেমে গেছে কেন উইলিয়ামসনের দল। হারের ব্যবধানটা ৯০ রানের।
ঠিক আগের সিরিজেই মাউন্ট মঙ্গানুইতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুম্যাচে তিনশো পেরনো স্কোর গড়েছিলেন কিউই ব্যাটসম্যানরা। জবাবে হাঁসফাঁস করে মরেছে লঙ্কানরা। পরের সিরিজে একই মাঠে উল্টো চিত্র। শিকারি এবার নিজেই শিকার।
শুরুতে ব্যাটিং করে উদ্বোধনী জুটিতেই ১৫৪ রান তুলেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। দুজনের ব্যাটে ওভার প্রতি ৬ করে রান পেয়েছে ভারত। ২৫.২ ওভারে জুটি ভেঙ্গে ধাওয়ান যখন ফিরছেন, নামের পাশে ৬৭ বলে ৬৬ রান।
চার ওভার পর ফিরেছেন রোহিতও। ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসের সমাপ্তি হয়েছে ৮৭ রানে। ৯৬ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ছক্কার মার ছিল ৩টি।
এরপর আর কোনো ফিফটি পায়নি ভারত। তবে পরের ব্যাটসম্যানরা খেলেছেন কার্যকর সব ইনিংস। অধিনায়ক কোহলি ৪৩, অম্বাতি রাইডু ৪৭, মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৪৮ রানে হাতে ছয় উইকেট রেখেও বিশাল সংগ্রহ গড়ে ভারত।
বোলিংয়ের মতো ব্যাটিংয়েও করুণ অবস্থা নিউজিল্যান্ডের। এক ডগ ব্রেসওয়েলের ৫৭ রান ছাড়া বলার মতো ইনিংস নেই অন্য কিউইদের। ভারতের হয়ে বল হাতে শাসন করেছেন চায়নাম্যান বোলার কুলদ্বীপ যাদব। ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পকেটে পুরেছেন ভুবেনেশ্বর কুমার ও যুযবেন্দ্র চাহাল।










