নাগপুর টেস্টের দ্বিতীয় দিন শেষেই ম্যাচের লাগাম ভারতের হাতে। প্রথমদিনে বোলারদের পর দ্বিতীয় দিন নিয়ন্ত্রণ ছিল ভারতীয় ব্যাটসম্যানদের চওড়া ব্যাটে। স্বাগতিকদের ব্যাটিংয়ের যাতাকলে নিচে রীতিমত পিষ্ট শ্রীলঙ্কা। সারাদিনে মাত্র একজন ভারতীয়কে সাজঘরে ফেরাতে পেরেছেন লঙ্কান বোলাররা।
মূলত মুরালি বিজয় এবং চেতেশ্বর পূজারার জোড়া শতকের উপর নির্ভর করেই ম্যাচে নিয়ন্ত্রণ বজায় রাখে ভারত। দ্বিতীয় দিনশেষে ভারতের রান ২ উইকেটে ৩১২। শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ১০৭ রানে। কোহলি ৫৪ ও পূজারা ১২১ রানে ক্রিজে রয়েছেন। ১২৮ রান করে আউট হন বিজয়। লঙ্কানদের হয়ে দিনের একমাত্র উইকেটটি নেন রঙ্গনা হেরাথ।
নাগপুর টেস্টের প্রথম দিনেই ভারতীয় বোলারদের দাপটে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ২০৫। পরে প্রথম দিনের অন্তিমলগ্নে ব্যাট হাতে নামে ভারত। মাত্র ৮ ওভার খেলার সুযোগ পায় তারা। তারই মধ্যে ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় বিরাটের দল। দিনের শেষে ভারতের রান ছিল ৮ ওভারে ১১/১।
তবে দ্বিতীয় দিনের শুরুতে দারুণ শুরু করেন ওপেনার মুরালি বিজয় এবং চেতেশ্বর পূজারা। শ্রীলঙ্কা বোলিংকে সামলে দুজনেই তুলে নেন শতরান। ১৮৭ বলে শতরান পূর্ণ করার পর ১২৮ রান করে হেরাথের শিকার হন বিজয়।
বিজয় ফিরলেও ১২১ রানে অপরাজিত রয়ে গেছেন পূজারা। আর হাফসেঞ্চুরি (৫৪) তুলে তৃতীয়দিন সেঞ্চুরি আভাস দিয়ে রেখেছেন অধিনায়ক বিরাট কোহলি।









