ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। দু’বছর পেরিয়ে গেলেও একটিও সিরিজ তারা খেলেনি। এই কারণেই ক্ষতিপূরণের দাবি জানিয়ে পিসিবি আইনি নোটিশ পাঠিয়েছে বিসিসিআইকে।
ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তলানিতে। ক্রিকেট খেলার মতো কোন অবস্থাই নেই। এই আইনি নোটিশ দু’দেশের সম্পর্কে আরও অবনতি ঘটাবে বলেই ধারণা বিশ্লেষকদের।
আইনি নোটিশের পর এক ভারতীয় বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘যত দূর জানি, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার চুক্তিতে সব সময় একটা জিনিস লেখা থাকে। সরকারের অনুমোদন সাপেক্ষ। পাকিস্তানের সঙ্গে খেলিনি কারণ সরকারও অনুমোদন দেয়নি।’
পাকিস্তান বোর্ডের এক কর্মকর্তার দাবি, তারা নিরপেক্ষ কেন্দ্রে খেলতে রাজি ছিল। ভারতীয় বোর্ড নাকি তাদের ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত আর খেলতে চায়নি।
তবে এমন অভিযোগ নিয়ে ভারতীয় বোর্ড কর্মকর্তাদের জবাব, ‘পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ কেন্দ্রে খেলতে গেলেও সরকারের অনুমতি লাগে।’









