আফগানিস্তানের হেরাত এবং কান্দাহারে ভারতীয় দূতাবাসে তালা ঝুলিয়েছে তালেবানরা। এক ঝটিকা তল্লাশি অভিযানের পরে তারা ‘নিরাপত্তার স্বার্থে’ তালা ঝুলিয়েছে বলে দাবি করেছে। এছাড়া বিভিন্ন নথিপত্রের খোঁজ করেছে তারা, আর নিয়ে গেছে দূতাবাসে থাকা কিছু গাড়ি।
গোয়েন্দা সূত্রের বরাতে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।
গতকাল তালেবান নেতা মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাই বেসরকারিভাবে ভারতের কাছে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছিলেন। এরপরেও দূতাবাসে এধরণের আচরণের বিষয়টি নয়াদিল্লী কড়া নজর রাখছে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক আলোচনাকারী দলের দ্বিতীয় মুখ্য ব্যক্তি ছিলেন স্ট্যানিকজাই।
আফগানিস্তান তালেবানের দখলে চলে যাওয়ার পর কাবুল থেকে ২০০ ভারতীয়কে দেশে ফেরায় দিল্লী। বিশেষজ্ঞদের ধারণা, আপাতত কোনও রকম কূটনৈতিক সম্পর্ক তালেবানের সঙ্গে রাখতে ইচ্ছুক নয় ভারত। যদিও তালেবান মুখপাত্রকে বলতে শোনা গিয়েছিল, ভারত চাইলে আফগানিস্তানে তাদের প্রকল্পগুলির কাজ শেষ করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানে থাকার সময় থেকেই আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। সেদেশে বড় মাত্রায় বিনিয়োগ রয়েছে দিল্লীর। প্রায় ৪০০টি প্রকল্পে ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ভারত। তালেবানদের দখলে যাওয়ার আগে আফগানিস্তান থেকে ২০২১ সালেই ৮৩৫ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে ভারত। কাবুলে চিনি, ওষুধ, চা, কফি, মশলা ও ট্রান্সমিশন টাওয়ার রফতানি করে ভারত। আমদানি করা হয় মূলত ড্রাই ফ্রুটস।







