গত ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল ভারতীয় দক্ষিণী ছবি ‘এসকে ২০’ এর শুটিং। অনুদীপ কেভি পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন শিবকার্তিকেয়ন।
আসন্ন এই ছবিটির বেশ কিছুটা অংশের দৃশ্য গ্রহণ করা হলেও নায়িকার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল যথেষ্ট দোটানা। তারই মাঝে এবার জানা গেল দক্ষিণী জনপ্রিয় অভিনেতা শিবকার্তিকেয়নের বিপরীতে এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ইউক্রেনের মডেল ও অভিনেত্রী মারিয়া রিয়াবোশাপকাকে।
সম্প্রতি প্রযোজনা সংস্থা সুরেশ প্রোডাকশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মারিয়ার একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘এসকে ২০’ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন মারিয়া। সুন্দরী এই অভিনেত্রীকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
চলতি মাসের শেষের দিকে এই ছবির অল্প কিছু দৃশ্যের শুটিং হবে। এরপর আগামী এপ্রিলে পুরোদমে ছবির শুটিংয়ের কাজ শুরু হবে। তখনই অভিনেত্রী মারিয়া রিয়াবোশাপকা শুটিংয়ে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। ভারতের পন্ডিচেরি এবং যুক্তরাজ্যের লন্ডন শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে আসন্ন এই ছবির চিত্রনাট্য।
২০১৮ সালে ‘ইটার’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন মারিয়া। কিছুদিন আগে একটি হিন্দি ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ এ অভিনয় করেছেন এই ইউক্রেনের এই অভিনেত্রী। এবার তার অভিষেক হতে যাচ্ছে দক্ষিণী ছবিতে।







