সম্প্রতি বিভিন্ন ঘটনায় ভারতের অন্যতম আলোচনার বিষয়বস্তু গরু। দেশটিতে গরুর জাতীয় পরিচয়পত্র দেয়ার দাবি থেকে শুরু করে গরু হত্যার বিরুদ্ধে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে দেখা গেছে। আর এগুলোর পিছনে সব সময়ই রয়েছেন কট্টোর হিন্দুত্ববাদীরা। যাদের অভিযোগের তীর থাকে মুসলমানদের বিরুদ্ধে। এছাড়া কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের গঠিত গরু রক্ষা কমিটি গরু চোরাচালানের সাথে জড়িত এমন ব্যক্তিদের উপর চড়াও হয়েছে।
তবে এসব ঘটনার বিপরীতে ভারতে এমন একজন মুসলমানকে নিয়ে বিবিসি একটি প্রতিবেদন করেছে, যেখানে যিনি কি না গরু হত্যার পরিবর্তে গরু রক্ষার কাজ করছেন। এমনকি গরু হত্যা না করতে মানুষের কাছে প্রচারণাও করছেন তিনি।
লোকটির নাম দিলদার হোসেন বেগ। একজন মধ্য বয়সী ভারতীয় মুসলিম। প্রতি মঙ্গলবার নামাজ পড়ার পর তীব্র রোদের তাপ সহ্য করে দূরের এক মন্দিরে যান তিনি। উদ্দেশ্য একটাই। ওই মন্দিরের নিচে রয়েছে প্রায় দুই ডজনের বেশি গরু। তাদের দেখাশোনা করার উদ্দেশে সেখানে যান তিনি।

তিনি বলেন, গত দশ বছর ধরে আমি এখানে আসি এবং গরু আমার পরিবারের সদস্যদের মতো। এছাড়া পাশের অনেক গরুর খামারেও যাই।
তিনি শুধু গরুর দেখা-শোনাই করেন না, গরু রক্ষাতেও অবদান রয়েছে তার। গ্রামের অন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তুলেছেন ‘মুসলিম গো-রক্ষা দল’। এই সংগঠন গরুর মাংস খাওয়া বন্ধ করতে মুসলিমদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
দিলদার হোসেন বেগ গরুর যত্ন নেয়ার জন্য বেশ কয়েকটি গরুর আশ্রয়কেন্দ্র তৈরি করেছেন। হিন্দু সম্প্রদায়ের অনেক গরু আশ্রয়কেন্দ্রে তাদেরকে কাজ করতেও দেখা যায়।
এছাড়া তিনি মধ্য প্রদেশে গিয়ে গরু সংরক্ষণের জন্য গঠিত ক্যাম্পগুলোতে ভ্রমণ করেন এবং গরু রক্ষায় সচেতনতা তৈরিতে সহায়তা করেন।







