যুক্তরাষ্ট্র সমর্থন দিলেও চীনের কারণে ভারতের পক্ষে আপাতত ‘নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ’ (এনএসজি)-এর সদস্যপদ পাওয়া সম্ভব হচ্ছে না। ভারতকে আটকাতে পাকিস্তানের আরো কাছে চেপে চীন যুক্তি দিয়েছে, ‘ভারতকে সদস্য করতে হলে, এই উপমহাদেশে শক্তির ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানকেও সদস্য করতে হয়।’
এনএসজি-র সদস্য হতে পারলে, সর্বাধুনিক পারমাণবিক অস্ত্র, প্রযুক্তি ও সেই অস্ত্র তৈরির রসদ অন্য দেশগুলি থেকে পেতে ভারতের সুবিধা হত। সেই উদ্দেশেই ভারত দীর্ঘদিন ধরে এনএসজি-র সদস্যপদ পাওয়ার দাবি জানিয়ে আসছে।
এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের সময়েই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আশ্বাস দেন, এনএসজি-র সদস্যপদ পাওয়ার জন্য ভারতের দাবিকে আমেরিকা সমর্থনই জানাবে।
কিন্তু ভারতকে যাতে তড়িঘড়ি এনএসজি-র সদস্যপদ দেওয়া না হয়, তার জন্য তৎপর হয়ে ওঠে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালেয়র উপদেষ্টা সারতাজ আজিজ রাশিয়া ও সাউথ কোরিয়ার মতো এনএসজি-র শক্তিশালী দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন।
সারতাজ তাদের বলেন, ভারতকে এনএসজি-র সদস্যপদ পাওয়ার ব্যাপারে ওই দু’টি দেশ যদি সম্মতি জানায়, তা হলে তা পাকিস্তানের স্বার্থের পরিপন্থী হবে। ভারতকে পক্ষপাত দেখানো হবে।







