জনপ্রিয় ব্যান্ড দল ‘ভাইকিংস’ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভোকাল তন্ময় তানসেন। এমন খবরে ভক্ত অনুরাগীরা চমকে উঠেন। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইকিংস ছিল আলোচনায়। এমনকি চ্যানেল আই অনলাইনকে এক সাক্ষাৎকারে তন্ময় তানসেন নতুন ব্যান্ড দল গড়ার পরিকল্পনা নিয়েও বলেন!
তবে আনন্দ সংবাদ হচ্ছে, দিন গড়িয়ে মধ্য রাতেই ভাইকিংস দিলো মধুর সংবাদ। তারা জানালেন, দল ছেড়ে কোথাও যাচ্ছেন না তন্ময় তানসেন। শুরু থেকে তিনি যেমন দলের কাণ্ডারি ছিলেন, তেমনি থাকবেন তন্ময়!
মঙ্গলবার দিবাগত রাতে ভাইকিংস তাদের অফিশিয়াল ফেসবুকে জানায়:
‘এটা একটা পরিবার এবং পরিবার হিসেবেই থাকবে। তন্ময় তানসেন ভাইকিংস এর ভোকালিস্ট হিসেবে আছেন এবং থাকবেন। সব পরিবারেই একজন অভিভাবক থাকেন। আমাদের ক্ষেত্রে তিনি আশরাফ সিয়াম চাচ্চু। আমাদের জন্য যা করছেন তার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। চির কৃতজ্ঞ থাকবো।’







