ভরা মৌসুমেও রাজধানীর বাজারগুলোতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না। আড়ৎ মালিকরা বলছেন, নদীতে মাছ কম তাই সরবরাহ কম। চাহিদা বেশি থাকায় ইলিশের দামও কিছুটা বেশি।
বর্ষা মৌসুমের শুরু থেকেই বাজারে আসতে থাকে বাঙালির প্রিয় মাছ ইলিশ। সে হিসেবে শ্রাবণের প্রথম সপ্তাহে বাজার ভরে উঠার কথা থাকলেও রাজধানীর পাইকারি মাছের আড়ৎগুলোতে দেখা মিলছে না রূপালি ইলিশের।
পাইকাররা বলছে, আষাঢ়-শ্রাবণ মাসে ইলিশের মৌসুম একটু কম থাকে। আবার ভাদ্র-আশ্বিন মাসে প্রচুর থাকে। তবে ইলিশ মাছ যে পরিমাণ দরকার এই পরিমাণ বর্তমানে নেই। আর না থাকার কারণে ইলিশ মাছের দাম একটু বেশি।
ভোরের আলো ফোটার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থাকে আসতে দেখা যায় ছোট-বড় বিভিন্ন সাইজের ইলিশ। তবে সংখ্যায় কম।
ঢাকার সোয়ারীঘাট এবং কাওরান বাজারের ইলিশ বিক্রেতারা বলছেন, মৌসুম অনুযায়ী যে পরিমান মাছ পাওয়ার কথা তা পাওয়া যাচ্ছে না।
ভাদ্রের ভরা জোয়ারে ইলিশ মাছের সরবরাহ বাড়বে এমনটাই মনে করছেন বিক্রেতারা। আমদানি বাড়বে, দাম থাকবে হাতের নাগালে, ইলিশের ঘ্রাণে মন ভরবে, এমন প্রত্যাশা মাছে-ভাতে বেড়ে ওঠা প্রত্যেক বাঙালির।








