পাকিস্তানে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ ক্রুসহ ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১২ জন।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উড়োজাহাজটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে থাকা অবস্থায় মোরা কালু রাওয়ালপিন্ডির কাছে কয়েকটি ভবনের ওপর আছড়ে পড়লে সাথে সাথে ছোট উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবনগুলোতেও। যে ভবনগুলোর ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল সেগুলো গুঁড়িয়ে গেছে বলে জানিয়েছে ডন।
বিবৃতিতে বলা হয়েছে, নিহত ক্রুরা হলেন লেফটেন্যান্ট কর্নেল সাকিব (পাইলট), লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম (পাইলট), নায়েব সুবেদার আফজাল, হাওয়ালদার ইবনে আমিন এবং হাওয়ালদার রেহমত।
হতাহত বাকি সবাই বেসামরিক লোকজন।
আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনী এবং রেসকিউ ১১২২’র উদ্ধারকারী দল উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয় ও হতাহতদের উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন নিভে গেলেও ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্লেনের ভগ্নাংশ আশপাশের ভবনগুলোর ছাদে পড়ে আছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।
তবে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।
২০১০ সালে বেসরকারি এয়াররাইন কোম্পানি এয়ারব্লু’র একটি যাত্রীবাহী উড়োজাহাজ ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়ে ১৫২ জনের মৃত্যু হয়েছিল। সেটি ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা।







