ভক্তদের ভারতের পাশে দাঁড়ানোর অনুরোধ করলেন জেনিফার অ্যানিস্টন

A woman with wavy hair wearing sunglasses and a pink dress, standing outdoors near plants and modern architecture. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনায় ভারতের অবস্থা নাজেহাল। এই কঠিন পরিস্থিতিতে ভক্তদের ভারতের পাশে দাঁড়ানোর অনুরোধ করলেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন।
মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তিনি ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে ৩৬.৫ মিলিয়ন ফলোয়ার আছে জেনিফার অ্যানিস্টনের। ভারতকে এই কঠিন পরিস্থিতিতে সাহায্য করার জন্য নিজের ফলোয়ার ও ভক্তদের অনুরোধ করেছেন অভিনেত্রী।
প্রথম স্টোরিতে অ্যানিস্টন লিখেছেন, ‘করোনাভাইরাসের মারাত্মক দ্বিতীয় ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে। গত পাঁচ দিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা আগের বিশ্বরেকর্ড ভেঙ্গে দিচ্ছে।’
দ্বিতীয় স্টোরিতে তিনি লিখেছেন, ‘অ্যামেরিকেয়ার ভারতের জন্য অর্থ সংগ্রহ করছে জরুরী ভিত্তিতে সাহায্য পাঠানোর জন্য’। এই পোস্টের সাথে দাতব্য সংস্থাটির লিঙ্ক দিয়ে দিয়েছেন অভিনেত্রী।
তৃতীয় স্টোরিতে তিনি লিখেছেন, ‘বিষয়টি সব প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দিন। সচেতনতা গড়ে তুলতে হবে।’
জেনিফার অ্যানিস্টনের সঙ্গে ভারতের দর্শকদের পরিচয় ‘ফ্রেন্ডস’ সিরিজের মাধ্যমে। ভারতের জন্য তার এই উদ্বেগ মন ছুঁয়েছে নেটিজেনদের। ইন্ডিয়ান এক্সপ্রেস






