বিপিএলের প্রথম ম্যাচে বড় স্কোর গড়তে পারল না বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। সিলেট সিক্সার্সের বোলিং তোপে ১৩৬ রানেই আটকে গেছে সাকিব আল হাসানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক নাসির হোসেন।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে প্রমাণ করেন নাসির নিজেই। প্রথম ওভারের শেষ বলে দলকে সাফল্য এনে দেন অধিনায়ক। স্কোর বোর্ডে ২ রান উঠতেই মেহেদী মারুফকে রস হুইটলির ক্যাচ বানিয়ে ঢাকার ইনিংসে আঘাত হানেন নাসির।
তাতে বিপিএলে শুরুটা মোটেও ভাল হল না হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত মারুফের। প্রথম ম্যাচে হিসাবের খাতাই খুলতে পারেননি তিনি।
প্রথম ওভারে উইকেট হারালেও আরেক ওপেনার এভিন লুইস এবং কুমার সাঙ্গাকারার ব্যাটে এগোচ্ছিল ঢাকা। কিন্তু সপ্তম ওভারে লুইসকেও (২৬) ফিরিয়ে দেন নাসির।
দলীয় সর্বোচ্চ স্কোর করলেও ভাল ছন্দে ছিলেন না কুমার সাঙ্গাকারা। ৩২ রান করতে বল খেলেছেন ২৮টি। সাঙ্গা ফেরার পর সিলেটের মিডলঅর্ডারকে টানতে পারেননি আর কেউেই।
মাত্র ৬ রান করে রানআউটের শিকার হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। নামের প্রতি সুবিচার করতে পারেননি কাইরন পোলার্ডও (১১)। অধিনায়ক সাকিব করেছেন ২৩ রান।
সিলেটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসির হোসেন, আবুল হাসান ও লিয়াম প্লাঙ্কেট।








