দু’মাস আগে ভারতের ক্রিকেটে আলোড়ন ফেলেছিল ঋদ্ধিমান সাহার এক টুইট। পোস্টে তিনি লেখেন, বোরিয়া মজুমদার নামের একজন সাংবাদিক হুমকি দিয়েছেন দেশটির উইকেটরক্ষক ব্যাটারকে। পক্ষে-বিপক্ষে অনেক কথা হচ্ছিল, বিসিসিআই চালিয়েছে তদন্ত। প্রমাণ মিলল ঋদ্ধিমানের পক্ষে। শাস্তিটা তাই বড়ই পেতে চলেছেন সেই সাংবাদিক।
দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, দুবছরের জন্য ভারতের ঘরোয়া ক্রিকেট ম্যাচে নিষিদ্ধ হতে চলেছেন বোরিয়া। কোনো ক্রিকেটার যেন তার সঙ্গে কথা না বলেন, সেই পদক্ষেপও নেবে ভারতের বোর্ড।
গত ১৯ ফেব্রুয়ারি ঋদ্ধিমান একটি ছবি টুইট করে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের কাছ থেকে এটা শুনতে হল। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’
টুইটের পর আলোচনার পারদ তুঙ্গে ওঠে। দেশটির সাবেক-বর্তমানরা বিষয়টি নিয়ে তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি করেন। শুরুতে ঋদ্ধিমান হুমকিদাতা সাংবাদিকের নাম প্রকাশ না করলেও পরে সামনে আনেন বোরিয়া মজুমদারকে।
বিসিসিআই তদন্ত কমিটি দিলে তারা ঋদ্ধিমানের অভিযোগের সত্যতা পায়। দু’পক্ষের বক্তব্য শোনার পর বোর্ড সেই সাংবাদিককে দু’বছরের জন্য নির্বাসিত করতে চলেছে বলে খবর।
বিসিসিআই সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, বোরিয়া মজুমদারকে বিসিসিআই কোনো ঘরোয়া ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে দেবে না। আইসিসির কাছেও বোর্ড অনুরোধ করবে যাতে বোরিয়াকে নিষিদ্ধ করা হয়। এমনকি কোনো ক্রিকেটার যেন তার সঙ্গে কথা না বলেন, সেদিকেও নজর রাখবে বোর্ড।
ভারতের বেশকিছু পত্রিকা বোর্ডের বরাতে জানিয়েছে, ইতিমধ্যে বোরিয়াকে নাকি শাস্তিও মঞ্জুর করেছে বোর্ড। তবে বিসিসিআই এখনও বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেয়নি।








