জার্মান বুন্দেসলিগার ৫৩তম আসরে শুভ সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। হামবার্গার এসভিকে গার্ডিওলার দল বিধ্বস্ত করেছে ৫-০ গোলে। থমাস মুলার করেন জোড়া গোল।
অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে গার্ডিওলার শিষ্যরা। ম্যাচের ২৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আলোনসোর ফ্রি কিকে দারুণ হেড করে দলকে লিড দেয় বেনাটিয়া।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে লেভানোডস্কির গোলে আবারো এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৬৯ মিনিটে ডগলাস কস্তার বাড়ানো বলে বল জালে জড়ান থমাস মুলার। এর চার মিনিট পর আবারো লীড পায় বায়ার্ন। মাঝ মাঠ থেকে বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোলটি করেন মুলার।
ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে হামবার্গারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডগলাস কস্তা।







