ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে বড় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। হাঙ্গেরিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে উইলমুটসের শিষ্যরা। সেমিফাইনালে উঠার লড়াইয়ে আগামী শুক্রবার গ্যারেথ বেলের ওয়েলসের মুখোমুখি হবে বেলজিয়াম।
ম্যাচের শুরুর দিকে অতটা দাপট দেখাতে না পারলেও শেষদিকে জ্বলে উঠেছিলো বেলজিয়াম। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বেলজিয়াম ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
খেলার ১০ মিনিটে টবি আলডারওয়ারেল্ডের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। বিরতির আগে এই ১-০ ব্যবধানেই এগিয়ে ছিলো ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা এই দল।
ম্যচের দ্বিতীয়ার্ধের প্রথমদিকেও অতটা চমক দেখাতে পারেনি বেলজিয়াম। কিন্তু শেষদিকে একের পর এক গোল করে সবাইকে চমকে দেন তারা। ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিচি বাতশুয়াই। ৭৯ মিনিটে ব্যবধান বাড়ান এডিন হ্যাজার্ড। আর ইনজুরি টাইমে হাঙ্গেরির জালে শেষবারের মতো বল জড়ান ইয়ানিক কারাসকো।







