টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের মতে, স্কোরবোর্ডে ২৬০ তুলতে পারাই জয়ের জন্য যথেষ্ট হতে পারে। কত রান আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য পর্যাপ্ত তা সময়ই বলবে, আপাতত টাইগারদের ব্যাটে আভাস বড় কিছুরই।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯ ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯২ রান।
লিটন দাস ৪২ বলে ৪ চারে ৩০ রানে অপরাজিত, সঙ্গী মুশফিকুর রহিম ১২ বলে ৫ রানে।
সাকিব আল হাসান ৩৬ বলে ২ চারে ২০ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন। লিটনের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করে যান সাকিব।
ওপেনিং জুটিতে দ্রুতই ৩৮ রান তুলেছিলেন তামিম ও লিটন। ২৪ বলে ২ চারে ১২ রানের বেশি অবশ্য আগাতে পারেননি তামিম। ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।







