তিন বছর পর ওয়ানডে দলে ফিরে তিন ম্যাচ খেলে ফেললেন এনামুল হক বিজয়। ডানহাতি ওপেনারের স্কোর তাতে ১৯, ৩৫ ও ১। তারপরও আশাহত হচ্ছেন না ওই তিন ম্যাচেই টানা তিন ফিফটি পাওয়া তামিম ইকবাল। বললেন, আরেকটু সুযোগ পেলে বিজয়ের ব্যাট থেকেও পাওয়া যাবে বড় ইনিংস।
ওপেনিং পার্টনার প্রসঙ্গে তামিম বললেন, ‘হয়ত বড় কোন ইনিংস নেই বিজয়ের। কিন্তু আজকের খেলাটা বাদ দিলে। প্রথম দুইটা ইনিংস কিন্তু ভাল মনে হয়েছে। আমার কাছে মনে হয় বড় ইনিংসের খুব কাছে বিজয়। বিশেষভাবে বললে, শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ ক্রিকেটিং শট ছিল তার। হয়তবা রান বড় করতে পারছে না। আবার এও ঠিক ৩০এর মতো রান এ পরিস্থিতিতে বাংলাদেশ টিমে যথেষ্ট নয়। আমি নিশ্চিত সে সুযোগ পেতে থাকলে প্রমাণ করবে।’
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখিয়ে তিন বছর পর দলে ফিরেছেন বিজয়। সৌম্য সরকারের ফর্মহীনতা ও সুযোগ এলে ইনিংস বড় করতে না পারার বদনাম জুটে যাওয়ায় বিজয়ের ফেরার রাস্তা সহজ হয়। কিন্তু সৌম্যকে কতটা ছাড়াতে পারছেন বিজয়?
ফাইনালের আগে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হলেও কী দলে থাকবেন বিজয়? নাকি ফেরানো হবে ইমরুল কায়েসকে? মঙ্গলবার বিসিএলে সেঞ্চুরি হাঁকিয়ে বার্তা দিয়ে রেখেছেন বাঁহাতি ওপেনার। পরের ম্যাচটা তাই বিজয়র জন্য কঠিন পরীক্ষাই।
ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন ইমরুল। যদিও একাদশে সুযোগ হয়নি। পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ায় নেমে পড়েন লংগার ভার্সন খেলতে।
ফাইনাল ম্যাচের জন্য বুধ বা বৃহস্পতিবার স্কোয়াড দেবেন নির্বাচকরা। পরিবর্তনের প্রয়োজন পড়বে কিনা; সেটি হয়ত নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে বিজয়ের পারফরমেন্সের উপরই।








