আন্তর্জাতিক

ব্রেক্সিট কার্যকরের চিঠিতে সাক্ষর করলেন টেরেসা মে

ব্রেক্সিট কার্যকরের চিঠিতে সাক্ষর করলেন টেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া বা ব্রেক্সিট প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য লেখা একটি চিঠিতে সাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০-এর অধীনে আনুষ্ঠানিক নোটিস দিয়ে লেখা চিঠিটি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে পাঠানো হবে। টাস্কের কাছে চিঠি হস্তান্তরের পরই শুরু হবে ব্রেক্সিটের শর্তাবলী নিয়ে দু’বছর ব্যাপী আলোচনা ও বৈঠক।

টেরেসা মে’র চিঠিটি বুধবার যুক্তরাজ্য সময় বেলা সাড়ে ১২টায় ইইউ’তে ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার টিম ব্যারো পৌঁছে দেবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বুধবার স্থানীয় সময় সকালে ক্যাবিনেট বৈঠকে এমপিদের উদ্দেশ্যে একটি বিবৃতি দেবেন। ওই বিবৃতিতে তিনি এমপিদের নিশ্চিত করে জানাবেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ও কাউন্টডাউন শুরু হয়েছে।

ব্রেক্সিট আলোচনার সময় টেরেসা যুক্তরাজ্যের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছে বিবিসি। এই মানুষদের মধ্যে থাকবেন ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকরা, যাদের নাগরিক অবস্থান ব্রেক্সিটের পর কী হবে তা এখনো অনিশ্চিত।

গত জুনে এক গণভোটে ব্রিটিশ নাগরিকদের ভোটে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। টেরেসা তার বক্তব্যে ব্রেক্সিট ঘিরে যে বিভক্তি তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার ব্যাপারেও কথা বলবেন।

বিষয়:ব্রেক্সিট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…