ব্রেক্সিট এবং প্রস্তাবিত বাণিজ্য আলোচনার অগ্রগতি ‘প্রশংসনীয়’ এবং আগামী ডিসেম্বরে আলোচনা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে আলোচনার জন্য দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে তিনি একথা বলেন।
ইউরোপীয় নেতৃবৃন্দের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে সম্মেলনে অংশ নেন। তার দেশের নাগরিকদের ভবিষ্যত অধিকারের কথা চিন্তা করে দ্রুত বিষয়টির নিষ্পত্তি হওয়া দরকার বলে মে আগেই জানিয়ে দেন।
বিবিসি জানায়, ভবিষ্যত বাণিজ্য চুক্তি পর্যন্ত যুক্তরাজ্য আলোচনা চালিয়ে নিতে চায়। কিন্তু এজন্য ইইউভুক্ত বাকী ২৭টি দেশের নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে। সেই আলোচনার জন্যই মূলত ব্রাসেলসের এই সম্মেলন।
সম্মেলনে মেরকেল বলেন, দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রথম ধাপ পর্যাপ্ত না হলেও এটি ছিল প্রশংসনীয়। ডিসেম্বরে দ্বিতীয় ধাপের আলোচনার আগ পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাবো কিভাবে আলোচনাকে কার্যকর করা যায়।
ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ‘দুই দিনের এই সম্মেলনে তেমন কোন সাফল্য আসবে না। কিন্তু ডিসেম্বরের বৈঠকের জন্য কিছু অগ্রগতি এখান থেকে হবে।’
শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিন। কিন্তু এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে উপস্থিত থাকবেন না। তিনি পরবর্তী সম্মেলনে ইইউ নেতাদের সঙ্গে আলোচনা করবেন। ইইউ থেকে বের হয়ে গেলেও তিনি এই জোটের সঙ্গে বাণিজ্য অংশীদারিত্বের বিষয়ে তার ইচ্ছার কথা ব্রাসেলসে জানান।
২৭ দেশের ইইউ নেতারা বাণিজ্য নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য ব্রাসেলস এ প্রথম ধাপের ‘অপর্যাপ্ত অগ্রগতি’ আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেন।








