ক্রিকেট

ব্রিসবেনের অন্ধকার এখন শ্রীলঙ্কার চোখে

ব্রিসবেনের অন্ধকার এখন শ্রীলঙ্কার চোখে

টেস্টটা দিবা-রাত্রির। কৃত্রিম আলোতে সাদা পোশাকের খেলা খেলতে এশিয়ান দলগুলো যতটা না নবিস, অস্ট্রেলিয়ানরা ততটাই যেন ওস্তাদ। এই বিষয়টা ভালোভাবে জানা থাকায় আগের সিরিজে ভারত কিছুতেই রাজী হয়নি দিবা-রাত্রির টেস্ট খেলতে। ভারত না গিললেও টোপটা ভালোমতই গিলেছিল শ্রীলঙ্কা। সেটাই এখন হয়ে উঠেছে হাথুরুসিংহের দলের গলার কাঁটা!

প্রথম ইনিংসে লঙ্কান ব্যাটসম্যানদের কাঁদিয়েছেন অজি পেসাররা। ধারাটা অব্যাহত থাকল ব্যাটিংয়েও। যদিও কোনো সেঞ্চুরি হয়নি। কিন্তু প্রথম ইনিংসে ৩২৩ রান তুলে থেমেছেন অজিরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৪৪ রানে অলআউট হওয়ায় স্বাগতিকদের লিডটা আসে ১৭৯ রানের।

দ্বিতীয় দিনে লঙ্কানদের জন্য শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল। ২ উইকেটে ৭২ রানে নতুন দিন শুরু করে ১০ রানের মধ্যে ওপেনার মার্কাস হ্যারিস ও নাইটওয়াচম্যান নাথান লায়নকে হারায় অস্ট্রেলিয়া। এরপরই প্রতিরোধ গড়েন মার্নাস লাবুসচানে ও ট্রাভিস হেড।

পঞ্চম উইকেট জুটিতে ১৬৬ রান তুলেছেন লাবুসচানে ও হেড। শতক পাওয়ার সম্ভাবনা ছিল দুজনেরই। কিন্তু ৮১ রানে লাবুসচানেকে ফিরিয়ে দেন ধনাঞ্জয়া ডি সিলভা, আর ৮৪ করে হেড ফিরেছেন সুরাঙ্গা লাকমলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে।

লঙ্কানদের হয়ে সফল বোলার সুরাঙ্গা লাকমল। এই পেসারের শিকার অজিদের ৫ ব্যাটসম্যান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৭ রান তুলতেই ওপেনার দিমুথ করুনারত্নেকে হারিয়েছে শ্রীলঙ্কা। ইনিংস বাঁচাতে আরও ১৬২ রান তুলতে হবে লঙ্কানদের।

বিষয়:লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…