মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সমাদ্দার নামক স্থানে সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে কমপক্ষে ৮ জন নিহত ও ২৮ জনের মতো আহত হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহন দুপুর ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজে উঠলে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। গুরুতর আহত হয় আরো কমপক্ষে ২৮ জন।
আহতদের মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে আনার পর অন্যদের মৃত্যু হয়। আহতদের বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর, বরিশাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন এএসপি মনিরুজ্জামান ফকির। তবে এদের অধিকাংশের বাড়ি বরিশাল এবং আশপাশের এলাকায় হবে বলে ধারণা করা যাচ্ছে।
স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে খাদে পড়া বাসটি তুলে আনতে সক্ষম হয়েছে। খালের মধ্যে কোনো হতাহত ব্যক্তি রয়েছে কি না তা দেখা হচ্ছে।







